গাজীপুরে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি হয়েছে। এ সময় পাঁচজনকে আটক করেছেন র্যাব-১-এর সদস্যরা। গত বুধবার রাতে গাজীপুর মহানগরীর সদর থানার কালা সিকদার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো শহরের রথখোলা এলাকার কাজী আশরাফ রকিব (২৮), আল আমিন সবুজ (৩৫), একই এলাকার মজিবর রহমান (১৯), জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকার শফিউল্লাহ (২২) ও উত্তর ছায়াবীথি হাক্কানী এলাকার শামীম আহমেদ রনি (২০)।
র্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, মহানগরীর সদর থানাধীন কালা সিকদার ঘাট এলাকায় একদল সন্ত্রাসী গোলাগুলি করছেÑ এমন খবরের ভিত্তিতে র্যাব ঘটনাস্থলে যায়। পরে ঘটনাস্থল থেকে ওই পাঁচ সন্ত্রাসীকে আটক করে।
এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে তিন রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বরাত দিয়ে তিনি আরও জানান, পূর্বশত্রুতার জের ধরে দুটি পক্ষের মধ্যে মারামারি ও গোলাগুলি শুরু হয়। আধিপত্য বিস্তার নিয়ে তারা দীর্ঘ দিন যাবৎ কালা সিকদার ঘাট এলাকাসহ বিভিন্ন এলাকায় হামলা, মাদক ব্যবসা, অবৈধ ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি, খুন জখমসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত।