ময়মনসিংহে নজরুল খেতাব কারও দয়ার দান নয় রাষ্ট্রীয় স্বীকৃতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান বলেছেন, খেতাব কারও দয়ার দান নয়। এটি মুক্তিযুদ্ধে সাহসিকতার অর্জন, রাষ্ট্রের স্বীকৃতি। খেতাব দেয় রাষ্ট্র, এটি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। খেতাব নিয়ে টানাটানি করা মানে মুক্তিযুদ্ধকে অসম্মান করা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর আল বারাকাহ কনভেনশন সেন্টারে স্বাধীনতার রজতজয়ন্তী উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ বিভাগের সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা কখনই দাবি করি না মুক্তিযুদ্ধের সর্বোচ্চ নেতা ছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর নামেই মুক্তিযুদ্ধ হয়েছে। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের মূল নেতা। কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। এটা অস্বীকার করছেন কেন? তাহলে আপনারা কেন জিয়াউর রহমানের খেতাব নিয়ে টানাটানি করছেন।’