সাদা বলে দ. আফ্রিকার অধিনায়ক বাভুমা, টেস্টে এলগার

তিন ফরম্যাটে দুজন ভিন্ন অধিনায়ক বেছে নিল দক্ষিণ আফ্রিকা। ডিন এলগারকে লাল বল অর্থাৎ টেস্টে নেতৃত্বের ভার দিয়েছে দেশটি। অন্যদিকে সাদা বল অর্থাৎ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে তেম্বা বাভুমাকে বেছে নেওয়া হয়েছে।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি’কক তিন ফরম্যাটে প্রোটিয়াদের অধিনায়ক ছিলেন। তাকে সরিয়ে দেওয়া হলো।

দক্ষিণ আফ্রিকাকে ২৩টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ডি’কক। তিন ফরম্যাটের অধিনায়কত্বের চাপ নিতে পারেননি তিনি। সেকথা বোর্ডকে জানিয়েছিলেন। তারপরেই এই সিদ্ধান্ত এলো।

ফলে বৃহস্পতিবার ঘোষিত অধিনায়কদের নামের তালিকায় কোরো ফরম্যাটেই অধিনায়ক হিসেবে ডি’কককে বিবেচনা করেনি দেশের ক্রিকেট বোর্ড। ৪ টেস্ট, ৮ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দেওয়া ডি’ককের অধিনায়ক অধ্যায়ের সমাপ্তি হল।

এলগার ও বাভুমা দুজনকেই দায়িত্ব দেওয়া হয়েছে দীর্ঘ মেয়াদে। আগামী দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নেতৃত্ব দেওয়া হয়েছে ৩০ বছর বয়সী বাভুমাকে।

অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্রে এই সংস্করণে নেতৃত্বে থাকবেন ৩৩ বছর বয়সী এলগার।

এমনিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। করোনা, লকডাউন, বোর্ডের রাজনীতি, ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ বাতিল হওয়া, সব মিলিয়ে বড়সড় আর্থিক সমস্যায় রয়েছে তারা। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া প্রোটিয়া ক্রিকেট বোর্ড। সেই লক্ষ্যেই জাতীয় দলের ভিন্ন দুই অধিনায়কের নাম ঘোষণা করা।