৬০৭ থানায় উন্নয়নশীল দেশে উত্তরণের অর্জন উদ্‌যাপন করবে পুলিশ

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তির ঘটনা আগামী ৭ মার্চ সারা দেশের ৬০৭টি থানায় উদ্‌যাপন করবে পুলিশ।

শুক্রবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশের ঘোষণা দেয় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএন সিডিপি)। স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের এ অর্জন এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতের সম্মিলিত প্রয়াসের ফল আমাদের এ অর্জন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ এদেশের ১৮ কোটি মানুষকে এ ঐতিহাসিক অর্জনের জন্য সাধুবাদ জানান।

বাংলাদেশের এ ঐতিহাসিক অর্জনকে দেশবাসীর সঙ্গে সম্মিলিতভাবে উদ্‌যাপন করতে স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী সকল শ্রেণি পেশার মানুষকে সঙ্গে নিয়ে আগামী ৭ই মার্চ বিকেল ৩টায় বাংলাদেশ পুলিশের সকল থানায় একযোগে আনন্দ আয়োজনের ঘোষণা দিয়ে এ আয়োজনকে অর্থবহ করার আহ্বান জানান তিনি।