ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন সাদেকা হালিমের গবেষণা চৌর্যবৃত্তির সংবাদ প্রকাশ করায় দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব, প্রকাশক মাহির আলী খান রাতুল ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর হাসানের নামে উকিল নোটিশ পাঠানোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্সস্ কাউন্সিল (বিজেএসসি)।
শুক্রবার সকালে সংগঠনটির দফতর সম্পাদক হাসান ওয়ালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।
বিজেএসসির সভাপতি গাজী হিরক ও সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিম এক যৌথ বিবৃতিতে বলেন, অধ্যাপক সাদেকা হালিম আইনি নোটিশ পাঠিয়ে সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছেন। আমরা তার এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকদের বিরুদ্ধে পাঠানো উকিল নোটিশটি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। তার বিরুদ্ধে উত্থাপিত গবেষণার চৌর্যবৃত্তির অভিযোগটি খতিয়ে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
অধ্যাপক হালিমের আইনজীবি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া প্রেরিত উকিল নোটিশে দাবি করা হয়, প্রতিবেদন প্রকাশকারী গণমাধ্যম কর্মীরা প্লাগারিজম টেক করার ক্ষেত্রে দক্ষ নয়, সে জন্য তার এ দায়িত্ব নেয়া উচিত নয়। শিক্ষকদের পূর্ব অর্জিত সম্মান, সামাজিক অবস্থান ও জনসম্মুখে অপমান করতে অন্ধভাবে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
উকিল নোটিশে আরো দাবি করা হয়, অধ্যাপক হালিমের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট চৌর্যবৃত্তির কোনো আনুষ্ঠানিক অভিযোগ নেই। সংবাদ প্রতিবেদন প্রকাশকারীদের পেশাগত সততা নিয়ে প্রশ্ন উত্থাপনের কোন ধরনের এখতিয়ার নেই।
তবে অধ্যাপক হালিমের বিরুদ্ধে গবেষণা নকলের অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ওই শিক্ষকগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বরাবর এ অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখাতারুজ্জামান বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি। বিষয়টি আমি দেখব।’