ভারতের চেয়ে তিনগুণ বড় প্রতিরক্ষা বাজেট ঘোষণা দিয়েছে চীন। গতকাল শুক্রবার চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এ বিশাল বাজেটের ঘোষণা দেন বলে জানিয়েছে এএফপি। ২০২০ সালে কভিড মহামারীর মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের অবস্থা ঠিক কতটুকু খারাপ হয়েছিল তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে, গত বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৩ শতাংশ। বিশ্বে চীনই একমাত্র দেশ যেখানে গত বছর জিডিপি বৃদ্ধি পেয়েছিল।
গতকাল প্রধানমন্ত্রী লি কেকিয়াং জানান, ২০২১ সালে তাদের মোট জাতীয় উৎপাদন (জিডিপি) ৬ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ মহামারীর ধাক্কা দ্রুত সামলে উঠছে পেইচিং। এদিন ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২০২১ সালের ওয়ার্ক রিপোর্ট পড়ে শোনান লি কেকিয়াং। তাতে বলা হয়, চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ অর্জনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।এ বছর প্রতিরক্ষা খাতে দেশটির বরাদ্দ বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ। এর মধ্য দিয়ে টানা ছয় বছর পর প্রতিরক্ষা বরাদ্দ বাড়াল পেইচিং। ২০২১ সালে যুদ্ধাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামের পেছনে ২০ হাজার ৯০০ কোটি ডলার ব্যয় করবে পেইচিং।
চীনের প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রেসিডেন্ট শি চিনপিং চান সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠুক। নতুন পরিস্থিতির সঙ্গে সাযুজ্য রেখে তৈরি হোক রণকৌশল। আমাদের সামরিক প্রশিক্ষণের মান বাড়াতে হবে।’