ক্লাসে প্রশ্ন করার প্রস্তুতি

ক্লাসে প্রশ্ন করতে অনেক শিক্ষার্থী ভয় পায়। কিন্তু যথাযথ প্রস্তুতি নিয়ে প্রশ্ন করলে একদিকে যেমন অন্য শিক্ষার্থীরা উপকৃত হয়, তেমনি শিক্ষকও খুশি হন। ক্লাসে প্রশ্ন করার প্রস্তুতিগুলো জানাচ্ছেন বিপুল জামান

প্রথম সারিতে বসার চেষ্টা করো

ক্লাসে চেষ্টা করো প্রথম সারিতে বসার। একটা ক্লাসরুমে অসংখ্য ছাত্রছাত্রী থাকে। এতজনের মধ্যে শিক্ষকের ইচ্ছা থাকলেও সবাইকে সমান মনোযোগ দেওয়া সম্ভব হয় না। স্বাভাবিকভাবেই যারা প্রথম সারিতে বসে তাদের সঙ্গে শিক্ষকের যোগাযোগ বেশি ঘটে। তাই তুমি যদি প্রথম সারিতে বসতে পারো, তাহলে শিক্ষকের সঙ্গে কথা বলার, শিক্ষকের নজরে আসার সুযোগ এবং সম্ভাবনা উভয়ই বেড়ে যাবে অনেক গুণে। তাই বলে কোনো কারণে দু-এক দিন পেছনে বসতে হলে কি সেদিন শিক্ষককে প্রশ্ন করবে না? যেখানেই বসো না কেন মনোযোগ দিয়ে শিক্ষকের কথা শুনবে এবং বুঝতে না পারলে হাত তুলে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করবে।

অনুমতি নাও

ক্লাসে প্রশ্ন করার আগে অনুমতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এমনিতে শিক্ষকরা প্রশ্ন করতে কখনো নিষেধ করেন না। কিন্তু পড়ানোর মধ্যে প্রশ্ন করলে পড়ানোয় ব্যাঘাত ঘটতে পারে। কোনো শিক্ষক পড়ানোর মধ্যেও প্রশ্ন নেন আবার কোনো শিক্ষক পড়ানো শেষ করে প্রশ্ন নেন। তাই অনুমতি নেওয়া গুরুত্বপূর্ণ। যদি শিক্ষক তখনই অনুমতি দেন তাহলে স্বচ্ছন্দে তখনই প্রশ্ন করতে পারো। আর যদি অনুমতি না দেন তাহলে পরে শিক্ষকের অনুমতিক্রমে প্রশ্নটি করো। এতে ক্লাসের পরিবেশ সুন্দর থাকবে।

প্রশ্নগুলো খাতায় লিখে রাখো

সাধারণত পরের ক্লাসে কী পড়াবেন তা শিক্ষকরা আগের ক্লাসেই বলে দেন। পরদিন ক্লাসে আসার আগেই যদি তুমি সেই পড়াগুলো একটু দেখে আসো তাহলে ক্লাসে শিক্ষকের পড়া বুঝতে সুবিধা হবে। আর কোনো বিষয় বুঝতে না পারলে সেটা খাতায় লিখে আনো। সেই প্রশ্নগুলো শিক্ষকের পড়ানো শেষে শিক্ষকের কাছে প্রশ্ন করে জেনে নাও। 

দ্বিধা না করে প্রশ্ন করে ফেলো

কেউ কেউ আছে প্রশ্ন করতে দ্বিধা করে, ভয় করে। প্রথমেই বুঝতে হবে প্রশ্ন করার মধ্যে লজ্জার কিছু নেই। বরং বুঝতে না পেরেও চুপ করে থাকাটাই লজ্জার। যারা প্রশ্ন করতে দ্বিধাবোধ করে তাদের প্রশ্ন করার প্রস্তুতিটা ভিন্ন রকম। অহেতুক চিন্তা বা দ্বিধা করো না। কারণ একবার দ্বিধা এসে জেঁকে বসলে তা আর কাটানো যায় না। তাই কোনো প্রশ্ন মনে আসার তিন সেকেন্ডের মাথায় ক্লাসে হাত তোলো। শিক্ষক অনুমতি দিলে প্রশ্ন করো। শিক্ষক অনুমতি না দিলেও লজ্জিত হওয়ার কিছু নেই। প্রশ্নটি খাতায় লিখে রাখো। এর ফলে প্রশ্নটি ভুলে যাবে না। পরে যখন শিক্ষক অনুমতি দেবেন তখন খুব সহজেই প্রশ্নটি করতে পারবে।