ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথমপর্ব শেষ করল সাইফ স্পোর্টি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলটি সপ্তম জয়ের স্বাদ পেয়েছে, যা তাদের নিয়ে গেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। ১২ ম্যাচ শেষে দলটির ২২ পয়েন্ট। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে দলটি পিছিয়ে ১২ পয়েন্টে। অন্যদিকে ১২ ম্যাচে এক জয় আর দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলেই থাকতে হচ্ছে ব্রাদার্সকে। ১৩ দলের লিগে তারা কেবল আরামবাগের চেয়ে চার পয়েন্টে এগিয়ে।
ম্যাচটা স্বপ্নের মতো শুরু করে সাইফ। মাত্র ৩২ সেকেন্ডে তরুণ লেফট উইঙ্গার ইয়াসিন আরাফাতের অসাধারণ ফিনিশে লিড নেয় বেলজিয়ান কোচ পল পুটের শিষ্যরা। সমন্বিত আক্রমণ থেকে বল পেয়ে ফয়সাল আহমেদ ফাহিম বক্সে অসাধারণ থ্রু বাড়ান ইয়াসিনের উদ্দেশে। বল নিয়ন্ত্রণে নিয়ে আলতো টোকায় ব্রাদার্সের কিপার জাফর সরদারকে বোকা বানান এই লেফট উইঙ্গার। ১৯ মিনিটে রহিম উদ্দিনের অসাধারণ
কৃতিত্বে সাইফকে ফের গোল উপহার দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইকেচুকু ক্যানেথ। রহিম একাই বল নিয়ে অনেকটা দৌড়ে বক্সের ডান দিক দিয়ে ঢুকে কাটব্যাক দেন ক্যানেথকে। সাজানো বল পেয়ে গোল করতে ভুল করেননি এই নাইজেরিয়ান। ৭২ মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে জাফরকে পরাস্ত করেন আরেক নাইজেরিয়ান জন ওকোলি। ৮৪ মিনিটে ইয়াসিন আরাফাতের লম্বা থ্রু-বল নিয়ে অফসাইড ট্র্যাপ ভেঙে আগুয়ান ব্রাদার্স কিপারকে কাটিয়ে আরেকটি অসাধারণ গোলে সাইফের সপ্তম জয়ও নিশ্চিত করেন তিনি।
অতলে তলিয়ে যাচ্ছে আরামবাগ
চরম নেতৃত্বশূন্যতার কবলে পড়ে ধীরে ধীরে অতলে তলিয়ে যেতে শুরু করেছে আরামবাগ ক্রীড়া সংঘ। প্রায় ৬১ বছরের পুরনো মতিঝিলপাড়ার এই ক্লাবটিকে হয়তো প্রথমবারের মতো রেলিগেশনের পরিণতি মেনে নিতে হবে এবার। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে গতকাল তারা প্রথমপর্বের শেষ ম্যাচ খেলেছে রহমতগঞ্জের বিপক্ষে। মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে হওয়া ম্যাচে স্বাগতিক হয়েও আরামবাগ হেরেছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে। ১২ ম্যাচ থেকে আরামবাগের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। ক্যাসিনোকাণ্ডে জড়িয়ে আজ অস্তিত্বই হারিয়ে যাওয়ার জোগাড় ক্লাবটির। অন্যদিকে ১২ ম্যাচে তিন জয়ে ১৩ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ উঠে এসেছে অষ্টম স্থানে।
উত্তর বারিধারার সঙ্গে ৪-৪ ড্র থেকে পাওয়া এক পয়েন্টই আরামবাগের একমাত্র অর্জন। এর মধ্যেই তাদের বিরুদ্ধে উঠেছে স্পট ফিক্সিং আর পাতানো ম্যাচে জড়ানোর অভিযোগ। সব মিলিয়ে মাঠ ও মাঠের বাইরে রীতিমতো ধুঁকছে দলটি। গতকাল যেমন রহমতগঞ্জ বলতে গেলে ছেলেখেলা করেছে তাদের নিয়ে। অথচ মাত্র চার মিনিটেই আরামবাগ এগিয়ে গিয়েছিল নিহাত জামান উচ্ছ্বাসের পেনাল্টি গোলে। আইভরি কোস্টের ক্রিস রেমি সেই গোল শোধ দেন ১৬ মিনিটে। এরপর ৫৩ ও ৭৬ মিনিটে মাহবুব হোসেন নয়নের জোড়া গোলে ৩-০তে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৮৪ মিনিটে আরামবাগের জালে চতুর্থ গোলটি করেন রহমতগঞ্জের তাজিক মিডফিল্ডার বেকনাজারভ খুরশিদ।