কুষ্টিয়ায় মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় জেলার সঙ্গে রাজবাড়ী, খুলনা, ফরিদপুর ও রাজশাহী রুটে যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার বেলা পৌনে ২টার দিকে কুষ্টিয়ার মিলপাড়া ঘোরলাইন এলাকায় এ ঘটনা ঘটে।
পাকশী রেলওয়ে পরিবহন বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী বীরবল মণ্ডল জানান, গমবাহী ট্রেনটি ঈশ্বরদী থেকে ফরিদপুরে যাচ্ছিল। পথে পাঁচটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। প্রধান লাইন ব্লক হওয়ায় ওই রুটে যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনটি সিঙ্গেল হওয়ায় উদ্ধারকাজে একটু বেশি সময় লাগছে বলে জানান তিনি।