কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা ও হয়রানির প্রতিরোধে মানববন্ধন ও সমাবেশ করেছে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আজ কর্মক্ষেত্রে শ্রমজীবী নারীদের প্রতি হয়রানি, নির্যাতন প্রতিদিনের ঘটনা। তবে দিন দিন এটি আরও বাড়ছে। কর্মক্ষেত্রে শ্রমিকদের ওপর সহিংসতা, হয়রানি তাদের নাজুক করে ফেলে। এর ফলে শ্রমিকদের মধ্যে এক ধরনের মানসিক চাপ তৈরি হয় এবং তারা কর্মস্পৃহা হারিয়ে ফেলেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাও হ্রাস পায়।’
তারা আরও বলেন, অবিলম্বে কর্মক্ষেত্রে নারী-পুরুষ শ্রমিক হয়রানি ও নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট পক্ষসমূহের সুপারিশমালা নির্ধারণ করতে হবে। এজন্য কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি বন্ধে আইএলও কনভেনশন ১৯০-এ অনুস্বাক্ষর করার জন্য সরকারের প্রতি জোর দাবিও জানান তারা।
গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক ইলিয়াস, যুগ্ম সম্পাদক খাদিজা রহমান, সহসভাপতি সেলিনা হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দীন প্রমুখ।
এছাড়া সংগঠন দুটির পক্ষ থেকে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে কিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইন প্রণয়ন, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস ঘোষণা করা।