আগুন আতঙ্কে চার তলা থেকে লাফিয়ে পড়ে নার্স আহত

রাজধানীর মালিবাগ মৌচাক এলাকায় অবস্থিত সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস হোস্টেলের  নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। এ সময় আতঙ্কে চার তলা থেকে লাফিয়ে পড়ে সুইটি নামের এক নার্স আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মো. ফরহাদুল আলম দেশ রূপান্তরকে জানান, হাসপাতালের নার্সেস হোস্টেলের ছয় তলা ভবনের নিচ তলার সুইচ বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকে।

একপর্যায়ে পুরো ছয়তলা ভবনের প্রতিটি ফ্লোরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আগুনের সংবাদ পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর রাত ১০টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর হাসপাতালটি থেকে হঠাৎ বিকট শব্দে এলাকায় আলোর ঝলকানি দেখা যায়। এরপরই আশপাশের ভবনে হৈ-হুল্লোড় শোনা যায়। এ সময় আটকে পড়া নার্সসহ অন্যরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন।

আতঙ্কে পুরো এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। দ্রুত সেখানে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।