রূপগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইয়াছিন মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার খৈশাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ওই শিক্ষার্থী বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত ইয়াছিন নরসিংদী জেলার সদর থানার ভুইয়ম এলাকার শহিদ মিয়ার ছেলে। তিনি বর্তমানে উপজেলার খৈশাইর এলাকায় তার বোনের বাড়িতে বাস করে আসছিলেন। 

ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী জানান, তিনি স্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স দ্বিতীয় বর্ষে লেখাপড়া করে আসছিলেন।

গত ১ বছর আগে ইয়াছিন মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৩ মাস আগে ইয়াছিন মিয়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরে ওই শিক্ষার্থী ইয়াছিন মিয়াকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে তিনি নানা টালবাহানা শুরু করেন।

সবশেষ গত ২০ ফেব্রুয়ারি ইয়াছিন মিয়া ওই শিক্ষার্থীকে দেখার করার কথা বলে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনার পর ওই শিক্ষার্থী ইয়াছিন মিয়াকে  বিয়ের কথা বললে তিনি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই শিক্ষার্থী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ইয়াছিনকে গ্রেপ্তার করে পুলিশ।  

ভোলাব তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ইয়াছিন মিয়াকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।