গবেষণায় জালিয়াতির সংবাদ প্রকাশ করায় দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব, প্রকাশক মাহির আলী খান রাতুল ও ঢাবি প্রতিনিধি তানভীর হাসানকে পাঠানো উকিল নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, বিজেএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, বাংলাদেশ ডাটা জার্নালিস্ট নেটওয়ার্কসহ কয়েকটি সংগঠন শনিবার পৃথক বিবৃতিতে আইনি নোটিশের নিন্দা জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায়।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলেন, অধ্যাপক সাদেকা হালিম আইনি নোটিশ পাঠিয়ে সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছেন। আমরা তাদের এমন ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকদের বিরুদ্ধে পাঠানো উকিল নোটিশটি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।
বিজেএসসির সভাপতি গাজী হিরক ও সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিম যৌথ বিবৃতিতে বলেন, আমরা সাদেকা হালিমের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকদের বিরুদ্ধে পাঠানো উকিল নোটিশটি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। তার বিরুদ্ধে উত্থাপিত গবেষণার চৌর্যবৃত্তির অভিযোগটি খতিয়ে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
বাংলাদেশ ডাটা জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি সিয়াম সারোয়ার জামিল ও সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা জাতির বিবেক। অধ্যাপক সাদেকা হালিম সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছেন। সাংবাদিকদের বিরুদ্ধে পাঠানো উকিল নোটিশটি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। সাদেকা হালিমের বিরুদ্ধে উত্থাপিত গবেষণার চৌর্যবৃত্তির অভিযোগটি খতিয়ে দেখতে দ্রুত তদন্ত কমিটি গঠন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ডিনের পদ থেকে অবিলম্বে অপসারণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানাই।