সাধারণত সফরকারী দলের জন্য সব সুবিধা মেলে দেয় না স্বাগতিক দল। অনুশীলনের জন্য গড়পড়তা উইকেট। সাধারণ মানের নেট বোলার। এমনকি অনুশীলন ম্যাচেও সেরা বোলারদের লুকিয়ে রাখা হয়। সাধারণ উইকেটে খেলানো হয়। কিন্তু নিউজিল্যান্ডে এবার সেরা সুযোগ সুবিধাই পাচ্ছে বাংলাদেশ দল। গতকাল অনুশীলন উইকেট দেখে সন্তুষ্ট অন্যতম নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। জানালেন, সচরাচর নিউজিল্যান্ডের উইকেট যেমন ঠিক তেমন উইকেটই অনুশীলনের জন্য পাচ্ছেন ক্রিকেটাররা।
গতকাল কোয়ারেন্টাইনের ১০ম দিন পার করেছে বাংলাদেশ দল। ইতিমধ্যে গ্রুপ অনুশীলন শুরু হয়েছে দলের। ব্যাটে-বলে অনুশীলনের জন্য লিঙ্কন ইউনিভার্সিটি হাই পারফরম্যান্স সেন্টারের পিচ ব্যবহার করতে পারবে শিগগিরই। গতকাল সেই পিচ দেখেছেন হাবিবুল বাশার। ঘাসযুক্ত পিচ পেয়ে সন্তুষ্টি ঝরল সাবেক এ ক্রিকেটারের কণ্ঠে। জানালেন, নিউজিল্যান্ড ক্রিকেটের কাছ থেকে ভালো সুবিধাই দেওয়া হচ্ছে ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা বিষয় হলো এখানকার উইকেট বুঝে নেওয়া। অনুশীলনের জন্য এখানে (লিঙ্কন ইউনিভার্সিটি হাই পারফরম্যান্স সেন্টার) যে উইকেটটা দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের উইকেট কিন্তু এমনই হয়ে থাকে। সেদিক থেকে ওরা আমাদের যথেষ্ট ভালো সুবিধা দিচ্ছে। এরপর আমরা কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প করব। আশা করি সেখানেও সর্বোচ্চ সুবিধা পেতে যাচ্ছি। সব মিলিয়ে এখানে আগে আসায় আমাদের খুব ভালো হয়েছে। একই সঙ্গে আমরা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছি এবং ওদের সেরা ফ্যাসিলিটিজ ব্যবহার করতে পারছি।’