নেপালের টুর্নামেন্টে বাংলাদেশকে আমন্ত্রণ

মার্চের শেষদিকে নেপালে একটি ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। স্বাগতিক নেপাল ও বাংলাদেশের পাশাপাশি তৃতীয় দেশটি হচ্ছে কিরগিজস্তান। ২২ মার্চ থেকে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এই টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগভিত্তিক। প্রতি দল একে অন্যের সঙ্গে একবার করে মুখোমুখি হবে। সবাই দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুদল খেলবে ৩০ মার্চের ফাইনালে।

২৫ মার্চ আফগানিস্তানের সঙ্গে ঘরের মাঠে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে বাংলাদেশের। তবে আফগানিস্তানের মার্চে বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। সব কিছু মিলিয়ে বাংলাদেশ নেপালে তিন জাতির টুর্নামেন্টে অংশ নিচ্ছে বলাই যায়। জাতীয় দলের হেড কোচ জেমি ডে বলেছেন, ‘টুর্নামেন্টটি হলে আমি হয়তো নতুন কিছু ফুটবলারকে পরখ করার সুযোগ পাব। সেই দৃষ্টিকোণ থেকে এটি অবশ্যই ভালো সুযোগ।’