দেশের ঐতিহ্যবাহী সব খেলা হারিয়ে যাচ্ছে : পরিবেশমন্ত্রী

ডিজিটালের দৌরাত্ম্যে দেশের ঐতিহ্যবাহী সব খেলা হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। তিনি বলেছেন, ‘দেশীয় খেলাকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।’ গতকাল শনিবার বিকেলে মৌলভীবাজার স্টেডিয়ামে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতার সুরমা জোনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার সুন্দর পরিবেশ ও দূষণমুক্ত দেশ গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ। এজন্য সারা দেশে বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসতে হবে।’ আয়োজক জেলা ক্রীড়া সংস্থা জানায়, সুরমা জোনের এ প্রতিযোগিতায় (নারী ও পুরুষ) মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও চাঁদপুর জেলা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়েছে মৌলভীবাজার পুরুষ দল। সুরমা জোনের ফাইনাল হবে আগামী ৯ মার্চ।