বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে তার কর্মময় জীবনের বিভিন্ন আলোকচিত্র নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ওয়াল ব্র্যান্ডিং-এর উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন।
রবিবার সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়াল ব্র্যান্ডিং উদ্বোধন করা হয়।
এ শিল্পকর্মে শেখ মুজিবের কর্মময় জীবনের বিভিন্ন সময়ের আলোকচিত্র, তার উক্তি ও বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বনেতাদের করা উক্তি স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের গণমানুষের সেবায় তার সারা জীবন উৎসর্গ করেছেন। তিনি আমাদের দিয়েছেন দেশ, দিয়েছেন পতাকা, দিয়েছেন আত্মপরিচয়। উন্নত জাতি ও উন্নত দেশ গঠনের জন্য আজীবন কাজ করেছেন জাতির পিতা।
আরও বলেন, আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের এই ওয়াল ব্র্যান্ডিংয়ের ফলে সাধারণ মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর অমর কীর্তি সম্পর্কে জানতে পারবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কাইয়ুম, কোম্পানি সচিব মো. নাজমুস সাদাত সেলিম, হোটেল ইন্টারকন্টিনেন্টালে জেনারেল ম্যানেজার কেভিন ওয়ালেস।