সাদেকা হালিমের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে ‘চাপ’

দেশ রূপান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন সাদেকা হালিমের গবেষণায় চৌর্যবৃত্তির সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি তদন্ত চেয়ে উপাচার্য আখতারুজ্জামান বরাবর আবেদন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশতাক আহমেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমা আখতার ও খালিদ হাসান। তবে তাদের অভিযোগ প্রত্যাহারের জন্য সাদেকা হালিম ‘চাপ’ প্রয়োগ করছেন বলে জানিয়েছে এই শিক্ষকগণ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশতাক আহমেদ দেশ রূপান্তরকে বলেন, সাদেকা হালিমের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। এ ছাড়াও শিক্ষকদের বিভিন্ন সংগঠন ও ডাক্তারদের সংগঠন থেকে চাপ দেওয়া হচ্ছে অভিযোগ প্রত্যাহারের জন্য। এসব বিষয় নিয়ে আমি খুব মানসিক চাপে রয়েছি।

অভিযোগ প্রত্যাহার করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে বিষয়টির তদন্ত চেয়ে আবেদন করেছি। যত চাপ আসুক আমি অভিযোগ প্রত্যাহার করব না।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমা আখতার ও খালিদ হাসানকেও অভিযোগ প্রত্যাহার করতে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে সাদেকা হালিম বলেন, আমি তাদের কাউকে কোনো সময় ফোন করিনি। ব্যক্তিগতভাবে হোক আর প্রাতিষ্ঠানিকভাবে আমি এদের কাউকে চিনি না। আমার কোনোদিন পরিচয় হয়নি। ওদের যেমন শুভাকারঙ্ক্ষী আছে, সবারই তো কিছু কিছু শুভাকাঙ্ক্ষী আছে। কার জন্য কে কী করছে আমি তো জানি না। আমাকে কেউ বলে নাই ওনাদের ফোন করা হচ্ছে।