যমুনা পাড়ে অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা

সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বইয়ের দুইটি ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে।

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রবিবার ভাস্কর্যটি উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মোমিন মণ্ডল, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।

মুজিব বর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকায় প্রায় ৩৬০০ বর্গফুট জায়গা নিয়ে ভাস্কর্যটি স্থাপন করেছে পানি উন্নয়ন বোর্ড।

স্থপতি মৃণাল কান্তির নকশায় স্থাপন করা ১৫ ফুট উচ্চতার ভাস্কর্যটি তৈরিতে খরচ হয়েছে সাড়ে ২৩ লাখ টাকা। শত শত উৎসুক জনতা ভাস্কর্যটি দেখতে নদীর পাড়ে ভিড় করছেন।