‘একটি পরিবারকে মহিমান্বিত করার মিথ্যা ইতিহাস চাপিয়ে দিচ্ছে আওয়ামী লীগ’

‘আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে সত্য ইতিহাস থেকে তরুণ প্রজন্মকে বঞ্চিত করে ভ্রান্ত ইতিহাস দিচ্ছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ৭ই মার্চ উপলক্ষে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ধারণা দিচ্ছে- একটা মাত্র দল, একটা ব্যক্তি। আমরা সেই ধারণার সত্যতা তুলে ধরতে চাই।’

তিনি বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) বক্তব্যের কোথাও তোফায়েল আহমেদের কথাও খুঁজে পাবেন না। তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কথা একবারও উচ্চারণ করেন না। এমনকি যুদ্ধে যে সর্বাধিনায়ক ছিলেন, এম এ জি ওসমানী, তার নামও একবার উচ্চারণ করেন না।

ফখরুল বলেন, ‘‘যুদ্ধকালীন যে সরকার, যিনি নেতৃত্ব দিলেন ‘তাজউদ্দীন আহমেদ’ তার নামও একবার উচ্চারণ করে না। কত সংকীর্ণ এরা! কত ভয়ংকর। শুধু তাদের ব্যক্তিগত স্বার্থে, ক্ষমতায় টিকে থাকার জন্য এবং নিজেদের ও একজন মানুষ ও একটি পরিবারকে মহিমান্বিত করবার জন্য মিথ্যা ইতিহাস মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে।’’

মির্জা ফখরুল বলেন, ‘এই ৭ই মার্চ করা উচিত কি উচিত নয়, এটা নিয়ে অনেক কথা হয়েছে। তাদের উদ্দেশ্য বলতে চাই, ৫০ বছর আগে এই ঘটনাগুলো ঘটেছিল। আর ৫০ বছর পরে নতুন প্রজন্মের নতুন ইতিহাস জানার অধিকার রয়েছে। আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সত্যকে এড়িয়ে গিয়ে সম্পূর্ণভাবে একটা দলীয় ধারণা এই জাতির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা সেই জায়গায়, এ দেশের সবচেয়ে বড় দল হিসেবে মনে করি, এই সত্যি ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা উচিত।’

সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিএনপি বসেছিল উল্লেখ করে তিনি বলেন, ‘সাংবাদিকরা বলেছিলেন, আপনারা কেন সুবর্ণজয়ন্তী পালন করছেন। স্বাধীনতা কি একা আওয়ামী লীগের। না কোন ব্যক্তির? স্বাধীনতা হচ্ছে, সমগ্র দেশের’।

‘বিএনপি অনেক বড় কাজে হাত দিয়েছে’-এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সেটা হচ্ছে খালেদা জিয়াকে মুক্ত করা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের তার মর্যাদা সম্পূর্ণভাবে স্থাপিত করা, তার খেতাব লাগে না, তিনি প্রত্যেকের হৃদয়ে আছে। ইতিহাস তাকে ধারণ করেছে। তারেক রহমানকে দেশে ফিরেয়ে আনা। ইতিমধ্যে গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে তারেক রহমান দেশে আসছে।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু বক্তব্য রাখেন।