দেশ রূপান্তরকে আইনি নোটিশ পাঠানোয় ডুজার নিন্দা

অধ্যাপক সাদেকা হালিমের গবেষণা জালিয়াতির সংবাদ প্রকাশ করায় দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব, প্রকাশক মাহির আলী খান রাতুল ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর হাসানকে উকিল নোটিশ পাঠানোর নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। 

বরিবার রাতে সংগঠনটির দফতর সম্পাদক ইসমাঈল সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানানো হয়। 
সমিতির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির এক যৌথ বিবৃতিতে বলেন, ‘সাদেকা হালিমসহ তিন শিক্ষককের গবেষণার অধিকাংশ নকল’ শিরোনামে প্রতিবেদনটিতে গবেষণা প্রবন্ধের জালিয়াতির বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। যেখানে কুম্ভিলকবৃত্তি চেক করার জন্য আর্ন্তজাতিকভাবে স্বীকৃত সফটওয়্যারের বরাত দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে সংশ্লিষ্ট শিক্ষকের বক্তব্য তুলে ধরা হয়েছে। এরপরও আইনি নোটিশ পাঠানো অনাকাঙ্ক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি অবিলম্বে এ নোটিশ প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট শিক্ষকের প্রতি আহ্বান জানাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ সাদেকা হালিমের বিরুদ্ধে ওঠা কুম্ভিলকবৃত্তির তদন্ত দাবি করেন।