ওয়েলিংটনে গতকাল শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে ৩-২ ম্যাচে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। সব সংস্করণ মিলিয়ে এটি তাদের টানা পঞ্চম সিরিজ জয়। আগের দুম্যাচ জয়ী অস্ট্রেলিয়া গতকাল আগে ব্যাট করে সুবিধা করতে পারেনি। ৮ উইকেটে করে মাত্র ১৪২ রান। জবাবে মার্টিন গাপটিলের ৪৬ বলে ৭১ রানের ইনিংসে ২৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।
প্রথম দু’ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। পরের দুটি অস্ট্রেলিয়া জেতায় শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী। টস জিতে অস্ট্রেলিয়া অগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সফল হতে পারেনি। মূলত স্পিন খেলতে ব্যর্থ হয় অজিরা। ২০ ওভারের ১২ ওভারই করেছেন নিউজিল্যান্ডের চার স্পিনার। অস্ট্রেলিয়ার হারানো ৮ উইকেটের ৪টি নিয়েছেন তারা। এরমধ্যে লেগ স্পিনার ইশ সোধি ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। পাঁচ ম্যাচে ৯ উইকেট পাওয়া সোধির হাতেই উঠেছে সিরিজ সেরার পুরস্কার। ম্যাচসেরা হয়েছেন মার্টিন গাপটিল। অভিজ্ঞ এই ওপেনার মেরেছেন ৭টি চার ও ৪টি ছক্কা। ডেভন কনওয়ের সঙ্গে তার ১০৬ রানের উদ্বোধনী জুটিই জয়ের ভিত গড়ে দেয়। ২৮ বলে ৩৬ রান করেন কনওয়ে। শেষে ১৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৪ রান করে জয় নিশ্চিত করেন গ্লেন ফিলিপস। অস্ট্রেলিয়ার হয়ে গতকাল ২৯ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন ম্যাথু ওয়েড। অধিনায়ক অ্যারন ফিঞ্চ করেন ৩৬ রান।
সিরিজ জয়ের পর নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, ‘আমরা আগের দু’ম্যাচের চেয়ে ভালো খেলতে চেয়েছিলাম। ভালো লাগছে যে আমরা উন্নতির কিছুটা চিহ্ন রাখতে পেরেছি। এটা স্পষ্ট যে এই উইকেটে সেøা বোলারদের খেলা সহজ নয়।’
২০ মার্চ থেকে বাংলাদেশের বিপক্ষে ৬টি টি-২০ এবং ওয়ানডে খেলবে এখন নিউজিল্যান্ড।