’৭৫ নিয়ে বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ বিএনপি নেতা মিনুর

বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে ’৭৫-এর ১৫ আগস্টের ইঙ্গিত করে বক্তব্য দিয়ে প্রতিবাদের মুখে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। গতকাল রবিবার দুপুরে এক বিবৃতিতে তিনি এই দুঃখ প্রকাশ করেন। মিনুর পক্ষে রাজশাহী নগর বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন ই-মেইলে বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।

এর আগে মিনুকে ক্ষমা চাইতে সময় বেঁধে দিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় আওয়ামী লীগ। মিজানুর রহমান মিনু এই বিবৃতিটি পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন।

বিবৃতিতে মিনু উল্লেখ করেছেন, ‘আমার বক্তব্যের জন্য যারা ব্যথিত হয়েছেন, মর্মাহত হয়েছেন, আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। গত ২ মার্চ সমাবেশ নিয়ে স্থানীয় প্রশাসন যেভাবে সর্বসাধারণকে সমাবেশে আসতে বাধা প্রদান করেছে তা নজিরবিহীন। সকল যানবাহনসহ এমনকি খাবার দোকান বন্ধ ছিল যা ইতিপূর্বে রাজশাহীতে ঘটেনি এবং নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করা হয়েছে।’

এরপর তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেয় আওয়ামী লীগ। ৭২ ঘণ্টার আল্টিমেটাম পার হওয়ার পরও মিনু ক্ষমা না চাওয়ায় রবিবার সকালে মহানগর আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত ৭ মার্চের আলোচনা অনুষ্ঠানেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনায় নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন। সেই আলোচনা সভায় মিনুর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়। সভা শেষে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘আমরা বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমাদের আইনজীবীদের বলা হয়েছে। কোন কোন ধারায় মামলা করা যায় সেটা তারা দেখবেন।’

তবে মিনুর দুঃখ প্রকাশের পর সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে কি না জানতে চাইলে ডাবলু সরকার বলেন, ‘সেটা আবার আলোচনার বিষয়। আমরা আবার একটু আলোচনা করে সিদ্ধান্ত জানাব।’