ডিজিটাল নিরাপত্তা আইনের কতিপয় ধারা গণমাধ্যমের ‘স্বাধীনতা’ সীমিত করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, ‘সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা আছে। জাতীয় পার্টি ডিজিটাল নিরাপত্তা আইনের বিপক্ষে নয়। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের কতিপয় ধারা নিবর্তনমূলক; যা গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের অধিকার অনেকাংশেই রোধ করছে।’ গতকাল রবিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির এক সভায় এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের কতিপয় ধারা। কিছু কিছু ধারায় বর্ণিত অপরাধ অজামিনযোগ্য যা মানবাধিকারের পরিপন্থী। ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো মানুষের মুক্তচিন্তার অধিকার এবং বাক ও ব্যক্তিস্বাধীনতার প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং ভিন্নমত দমনে অপব্যবহার হচ্ছে আমরা সেই ধারাগুলো পরিবর্তন করে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে ডিজিটাল নিরাপত্তা আইনের ওই ধারাগুলো সংশোধন করার জোর দাবি জানাচ্ছি। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন জরুরি হয়ে পড়েছে।’