শুল্ক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৭

ঢাকা ও গাজীপুর থেকে শুল্ক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড, ৯৯ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংকের ৮টি এটিএম কার্ড জব্দ করা হয়। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ আশরাফউল্লাহ জানান, গত ৫ মার্চ বনানী থানায় আইসিটি আইনে করা একটি মামলার তদন্তে জন যোসেফ ওরফে আসুজু ইমমা দিলচুউ, ইমেকা ইউরিক, মোসা. লতা আক্তার, মো. আয়েশা আক্তার, মো. হাবিবুর রহমান ওরফে হাবিব, মো. আশরাফুল ইসলাম ওরফে কবির এবং মো. আল আমিনের নাম উঠে আসে। হাবিবুর রহমানের কাছ থেকে প্রতারক চক্রের সদস্যরা ২১ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়।