যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন এবং ন্যাটো সেনাদের প্রত্যাহার করে নিলে আফগানিস্তানে দ্রুত সামরিক বিজয় অর্জন করতে পারে তালেবান।
বিবিসি জানায়, তালেবান এবং সাবেক ট্রাম্প প্রশাসনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আগামী মাসের শেষ নাগাদ বাকি মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেওয়ার কথা।
কিন্তু আফগান প্রেসিডেন্ট আশরাফ গানিকে লেখা এক চিঠিতে ব্লিনকেন সম্ভাব্য ‘বসন্তকালীন আক্রমণ’ সম্পর্কে সতর্ক করেছেন।
এর আগে জানুয়ারিতে বাইডেন প্রশাসন বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তালেবানের সঙ্গে স্বাক্ষরিত শান্তিচুক্তি পুনর্বিবেচনা করা হবে।
ওই চুক্তি অনুযায়ী তালেবানের দেওয়া নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বাকি ১০ হাজার সেনার ১ মে’র মধ্যে আফগানিস্তান ছাড়ার কথা।
হোয়াইট হাউস এখন বলছে, সহিংসতা কমানো এবং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্কচ্ছেদসহ আফগান সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের প্রতিশ্রুতি রাখছে কিনা তা নিশ্চিত হতে চায় তারা।
তবে এখনো দেশটিতে সহিংসতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সম্প্রতি গুপ্তহত্যার শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, রাজনীতিক এবং নারী বিচারকও রয়েছেন।