দেশ রূপান্তরকে উকিল নোটিশ পাঠানোয় চবিসাসের নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সাদেকা হালিমের গবেষণায় চৌর্যবৃত্তির সংবাদ প্রকাশ করায় দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব, প্রকাশক মাহির আলী খান রাতুল ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর হাসানের নামে উকিল নোটিশ পাঠানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

সোমবার সকালে চবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন ও সাধারণ সম্পাদক মুনাওয়ার রিয়াজ মুন্না এক যৌথ বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান। এসময় অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে পাঠানো উকিল নোটিশ প্রত্যাহারের দাবি জানান তারা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২২ ফেব্রুয়ারি দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ‘সাদেকা হালিমসহ ৩ শিক্ষকের গবেষণার অধিকাংশ নকল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে গত ৪ মার্চ পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও ঢাবি প্রতিনিধির বিরুদ্ধে উকিল নোটিশ পাঠান ড. সাদেকা হালিম। উকিল নোটিশে দাবি করা হয়, শিক্ষকদের পূর্বঅর্জিত সম্মান, সামাজিক অবস্থান ও জনসম্মুখে অপমান করতে অন্ধভাবে মনগড়া তথ্য দিয়ে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। নেতৃবৃন্দ মনে করেন, প্রতিবেদনটিতে প্ল্যাজিয়ারিজম বা চৌর্যবৃত্তি শনাক্ত করার আন্তজার্তিক সফটওয়্যার ‘টার্নইটইন’র বরাত দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য তুলে ধরা হয়েছে। এরপরও আইনি নোটিশ পাঠানো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

নেতৃবৃন্দ দাবি করেন, সংবাদমাধ্যমের কাজ সঠিক তথ্য দেশের মানুষের কাছে উপস্থাপন করা। অধ্যাপক সাদেকা হালিম আইনি নোটিশ পাঠিয়ে সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছেন। এ ধরনের ঘটনা সাংবাদপত্রের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে, যা মোটেই কাম্য নয়। তাই অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে পাঠানো উকিল নোটিশ প্রত্যাহার করতে জোর দাবি জানাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।