এবার সবুজকে ওড়াল নীল

লাল দলের পর সবুজ দলকে হারিয়ে বাংলাদেশ গেমস নারী ক্রিকেট ইভেন্টের ফাইনালে উঠেছে সালমা-জাহানারাদের বাংলাদেশ নীল দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচ ৯ উইকেটে জিতে নিয়েছে তারা।

সিলেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি সবুজ দল। নীল দলের বোলিং তোপে মাত্র ৮৩ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রানের ইনিংসটি আসে অধিনায়ক শারমিন সুলতানার ব্যাট থেকে। রান আউটে কাটা না পড়লে নিজের ইনিংসটি আরও বড় করতে পারতেন তিনি। নীল দলের হয়ে ৪ উইকেট নেন মুমতা হেনা। ২টি করে উইকেট নেন জাতীয় দলের দুই তারকা অলরাউন্ডার সালমা ও জাহানারা। আগের ম্যাচে ৬ উইকেট শিকারি বাঁহাতি পেসার তৃষ্ণা এবার পান ১ উইকেট।

৮৪ রানের সহজ লক্ষ্য টপকাতে নেমে বেগ পেতে হয়নি নীল দলকে। জয়ের ভিত গড়ে দিয়েছেন দুই ওপেনার মোর্শেদা খাতুন ও শামীমা সুলতানা। মোর্শেদা ২৪ রানে আউট হলেও তিনে ব্যাট করতে নামা ফারজানাকে নিয়ে জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন শামীমা। ৯ উইকেটে পাওয়া জয়ে নিজে অপরাজিত থাকেন ৩০ রানে। ফারজানা করেন ২১ রান। বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ লাল ও সবুজ দল। ওই ম্যাচের জয়ী দল শুক্রবার ফাইনালে খেলবে নীল দলের বিপক্ষে।