রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে চালের ট্রাকে করে আনা প্রায় অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলো মো. আনোয়ার ও কান্তি ভূষণ। গতকাল সোমবার দুপুরে কৃষি মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আনোয়ার ও কান্তির বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। র্যাব বলছে, গ্রেপ্তাররা আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য।
র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, মাদক কারবারিদের একটি চক্র মাদকের একটি চালান সীমান্ত এলাকা থেকে ট্রাকে করে সাভার হয়ে রাজধানী ঢাকায় আসছেÑ এমন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের কৃষি মার্কেট রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট বসিয়ে আন্তঃজেলা মাদক কারবারি চক্রের আনোয়ার ও কান্তিকে গ্রেপ্তার করা হয়। পরে ট্রাকে করে আনা বস্তাভর্তি একটি চালের ব্যাগের ভেতর অর্ধকোটি টাকা মূল্যের আধা কেজি হেরোইন পাওয়া যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে।