না.গঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের দেওভোগ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম শেখ মো. ইমরান হোসেন। গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তার ইমরানের কাছ থেকে একটি মোবাইল ফোন সেট, একটি সিম কার্ড ও চ্যাটিংয়ের স্ক্রিনশট জব্দ করা হয়। গ্রেপ্তার ইমরানের বাড়ি নারায়ণগঞ্জ সদরের এলএনএ রোডে। এটিইউ কর্মকর্তারা জানান, গত ১০ ফেব্রুয়ারি নরসিংদীর রায়পুরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন ইমরান। এটিইউর এসপি (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান বলেন, ইমরান ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে জঙ্গিবাদ প্রচারসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।