এভারটনকে হারিয়ে সেরা চারের আশা জোরালো চেলসির

দুই অর্ধে একটি করে গোল পেল চেলসি। সুবাদে এভারটনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারের আশা আরো জোরালো করল দলটি। একই সঙ্গে ধরে রাখল টমাস টুখেলের অধীনে অজেয় যাত্রা।

সোমবার স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে জয় তুলে নেয় চেলসি। প্রথম পর্বে এভারটনের মাঠে ১-০ গোলে হেরেছিল তারা। সেই হারের ক্ষতে এবার প্রলেপ পড়ল বলা চলে।

টুখেল দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচে অপরাজিত রইল চেলসি।

ফ্রাঙ্ক ল্যাম্পার্ড কোচ থাকা কালে ১৯ জানুয়ারি লেস্টার সিটির বিপক্ষে হেরেছিল চেলসি। এরপর টুখেল দায়িত্ব নেন। তার ছোঁয়ায় বদলে যায় নীল জার্সিধারীরা।

এদিন ম্যাচের ৩১ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া চেলসি দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ব্যবধান বাড়ায়। স্পট কিক থেকে গোল করেন জর্জিনিয়ো।

২৮ ম্যাচে ১৪ জয় ও আট ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে এভারটন।

চেলসির সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৫৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে। আর তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে লেস্টার সিটি।