জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজা আইনালের কোপের আঘাতে চাচা ওসমান বক্স (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় খাদেম আলী, রমজান আলীসহ ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওসমান বক্স আলামপুর গ্রামের আব্দুল আজিজ বক্সের ছেলে। এ দিকে রমজান বক্স ও মকছেদ আলীর অবস্থা অবনতি হলে যশোর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন পারিবারিক জমি নিয়ে ভাতিজা আইনালের সঙ্গে ওসমান আলীর মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে দুপুরে কথাকাটাকাটি একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় ভাতিজা আইনাল ধারালো অস্ত্র দিয়ে ওসমানকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন আরো ১০ জন।
কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জেরিন আকতার জানান, মারামারি সংক্রান্ত বিষয়ে হাসপাতালে কয়েকজনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়।
মহেশপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, মারামারি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।