ক্রিকেটার কালীপূজায় যাবেন না অন্য কোথায়, সেটা তার ব্যাপার: আদালত

গত বছর নভেম্বরে কলকাতায় কালীপূজার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। যে ঘটনায় মহসিন তালুকদার নামে এক যুবক ফেইসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় হুমকিদাতা মহসিন তালুকদারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, একজন বিশ্বমানের ক্রিকেটার কালীপূজায় নাকি মসজিদে যাবেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এ জন্য তো তাকে হত্যার হুমকি দিতে পারে না।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল দেন। হুমকির অভিযোগে করা মামলায় আসামি মহসিন তালুকদারের জামিন চেয়ে করা আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওই রুল দেওয়া হয়।

আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

সংবাদমাধ্যমকে বশির উল্লাহ বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্ট মহসিনকে জামিন দেননি, তার জামিন প্রশ্নে রুল দিয়েছেন। একজন বিশ্বমানের ক্রিকেটার কালীপূজায় যাবেন, নাকি অন্য কোথায় যাবেন, সেটা তার ব্যক্তিস্বাধীনতার ব্যাপার। এ জন্য তাকে হত্যার হুমকি দেবে কেন- শুনানিতে আদালত এ ধরনের কথা বলেছেন।’

গত ১৫ নভেম্বর রাত ১২টা ৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক লাইভে এসে চাপাতি দেখিয়ে সাকিবকে গলা কেটে হত্যার হুমকি দেয় মহসিন তালুকদার নামের ওই যুবক।

১৬ নভেম্বর উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ বাদী হয়ে হুমকিদাতা মহসিনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা করেন। পরে গত ১৭ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

হুমকিদাতা মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্সের ছেলে।