ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের শিক্ষক নিয়োগ নিয়ে গত ৩০ ডিসেম্বর দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত ‘এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ : ‘জালিয়াতের’ পুরস্কার!’ শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিভাগটির অধ্যাপক শাহীন ইসলাম। দেশ রূপান্তরে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি মিথ্যা ও একপেশে তথ্য প্রকাশের অভিযোগ করেছেন। তার দাবি, সম্পূর্ণ সত্য জানার চেষ্টা না করে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির প্ররোচনায় আলোচ্য সংবাদে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত তথ্য প্রকাশ করে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য : অধ্যাপক শাহীন ইসলাম তার ব্যক্তিগত প্রতিষ্ঠানের কর্মকর্তা মোস্তাক আহমেদ ইমরানকে ঢাবিতে কর্মরত পরিচয়ে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছিলেন এমন তথ্য-প্রমাণ প্রতিবেদকের হাতে আছে। সংবাদটির কোথাও কোনো অসত্য তথ্য দেওয়া হয়নি। আর সেটি কাউকে হেয় করতেও করা হয়নি। প্রকাশের আগে শাহীন ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অনেকেরই বক্তব্য নেওয়া হয় ও তা প্রতিবেদনে সংযুক্ত করা হয়।