অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নির্যাতনের মামলার আবেদন কিশোরের

নির্যাতনের অভিযোগ তুলে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন সম্প্রতি জামিনে কারামুক্ত কার্টুনিস্ট কিশোর।

বুধবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে এই আবেদন করেন তিনি।

নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন-২০১৩ অনুযায়ী ৪/৫/৬/৭ ধারা মোতাবেক মামলার আবেদন করা হয়।

কিশোরের বড় ভাই আহসান কবির বলেন, তার ভাইকে ২০২০ সালের ২ মে বাসা থেকে তুলে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। তিন দিন নির্যাতনের পর তাকে ৫ মে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, কিশোরকে ২ মে কারা তুলে নিয়ে গিয়েছিল এবং পরবর্তী তিন দিন কারা নির্যাতন করেছিল, তা যেহেতু তারা জানেন না, তাই অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেছেন তারা।

আহসান কবির জানান, আদালত আবেদন গ্রহণ করেছেন এবং আদেশ দিতে দুদিন সময় নিয়েছেন।

গত ৪ মার্চ কারাগার থেকে মুক্তি লাভের পর একাধিক জাতীয় দৈনিকের কাছে তার ওপর ভয়াবহ নির্যাতনের বর্ণনা দেন কিশোর।

গত বছর ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদ আটক করে কারাগারে রাখা হয়েছিল।

ছয়বার তাদের জামিন আবেদন নাকচ করা হয়। এরই একপর্যায়ে গত মাসে কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মুশতাক আহমেদ মারা যান।