করোনা মহামারীর কারণে ব্রাজিলের বড় বড় শহরের হাসপাতালগুলো রোগীর চাপে বিপর্যস্তের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে দেশটির ফিয়োক্রুজ ইনস্টিটিউট। রিও ডি জেনেরিওভিত্তিক ইনস্টিটিউট বলছে, ব্রাজিলে ২৭ রাজ্যের ২৫টির রাজধানীতে ৮০ শতাংশের বেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বেড খালি নেই।
ফিয়োক্রুজ ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের ১৫টি রাজ্যের রাজধানীতে আইসিইউ রয়েছে, যা রিও ডি জেনেরিও, ব্রাসিলিয়া এবং সাও পাওলোসহ ৯০ শতাংশ বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন। তবে পোর্তো আলেগ্রে ও ক্যাম্পো গ্র্যান্ডে এই দুটি শহরের আইসিইউগুলোর ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেছে।
প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলা হয়, এ অবস্থা ব্রাজিলের স্বাস্থ্যব্যবস্থা যে হুমকির মুখে তার ইঙ্গিত দেয়। এ ছাড়া প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, করোনা মোকাবিলায় শারীরিক ও সামাজিক দূরত্বসহ মাস্ক পরা ও স্বাস্থ্য সুরক্ষার পদক্ষেপ আরও জোরদার প্রয়োজন। বিবিসির খবরে বলা হয়, গত মঙ্গলবার ব্রাজিলে করোনায় ১ হাজার ৯৭২ জনের মৃত্যু হয়েছে; যা দেশটিতে দৈনিক মৃত্যুতে রেকর্ড। এ ছাড়া দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৬৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ১১ মিলিয়ন করোনা রোগী।