রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন হোটেল ভিক্টোরি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে হোটেলটির পঞ্চম তলায় ওই বিস্ফোরণ ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল আহসান জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট যায়। সেখানে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। হোটেলের দুটি রুমের দরজা ও জানালার কাচ ভাঙা দেখা গেছে।
পল্টন থানার (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ধারণা করা হচ্ছে ভিক্টোরি হোটেলের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় আমরা এই পর্যন্ত তিনজন আহত হওয়ার সংবাদ পেয়েছি। আহতদের মধ্যে একজন গুরুতর, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।