বলতে গেলে প্রায় নিয়মিতই গোল পাচ্ছেন আর্লিং ব্রট হালান্ড। মঙ্গলবারও তার জোড়া গোলে নিজেদের মাঠে সেভিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে আগের পর্ব ৩-২ এ জেতার সুবাদে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বরুশিয়া ডর্টমুন্ড। প্রথম পর্বের তিন গোলের দুটিই ছিল নরওয়ের এই তরুণের। সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে ইতিহাসে দ্রুততম ২০ গোলের রেকর্ড গড়ে ফেললেন তিনি। সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা গোলের রেকর্ডও গড়লেন কুড়ি বছর বয়সী এই ফরোয়ার্ড।
মঙ্গলবার নিজেদের মাঠে ম্যাচের ৩৫ মিনিটে দলকে এগিয়ে দেন হালান্ড। আর দ্বিতীয়ার্ধে নবম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এই গোলেই দ্রুততম ২০ গোলের মালিক হয়ে যান হালান্ড। ১৪ ম্যাচে এই কীর্তি গড়লেন তিনি। টটেনহ্যাম হটস্পার্সের হ্যারি কেইন ২৪ ম্যাচে করেছিলেন ২০ গোল। এছাড়া সাবেক ইতালিয়ান আলেসান্দ্রো দেল পিয়েরোর লেগেছিল ২৬ ম্যাচ। তবে বর্তমান সময়ের সেরা দুই তারকা মেসি ও রোনালদোর এ কৃতিত্ব করতে লেগেছিল যথাক্রমে ৪০ ও ৫৬ ম্যাচ। একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগে নরওয়ের ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোল দেওয়ার রেকর্ডটিও নিজের করে নেন হালান্ড। ১৯ গোল নিয়ে এতদিন রেকর্ডটি ছিল সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ ওলে গানার সোলসকায়ের।
মঙ্গলবার প্রথম গোলে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টানা ৬ ম্যাচে গোলের রেকর্ড গড়েন ২০ বছর ২৩১ দিন বয়সী হালান্ড। পাশাপাশি ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে জোড়া গোল করার কৃতিত্ব দেখান তিনি।