সরকারের পতন ছাড়া প্রতিবাদ মিছিল থামবে না : রিজভী

সরকারের পতন ছাড়া বিএনপির প্রতিবাদ মিছিল থামবে না বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি সরকারকে এ হুঁশিয়ারি দেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুর মুক্তি দাবিতে এ বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁ প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রিজভী আহমেদ বলেন, ‘১৯৭১ সালের ২৫ ও ২৬ মার্চ জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাচার করেছেন। একদিকে নিজেরা রাজাকারের পরিবারে মেয়ে বিয়ে দিয়ে আত্মীয়তা করছেন আর দেশের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন।’