বাংলাদেশে যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভ কারখানা নির্মাণে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল বুধবার রেলভবনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার রেলপথমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান তিনি।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও রেলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কও বৃদ্ধি পেয়েছে। আমেরিকার প্রগ্রেস রেল থেকে লোকোমোটিভ কিনেছি। ইতিমধ্যে সরবরাহ শুরু হয়েছে। ৪০টির মধ্যে পাঁচ ইনস্টলমেন্টে (কিস্তি) আটটি করে আসবে। চট্টগ্রাম বন্দরে আটটি লোকোমোটিভ এসেছে।’
বাংলাদেশের রেলওয়ের অবকাঠামো সমস্যা তুলে ধরে তিনি বলেন, ‘ডাবল লাইন নির্মাণ করা খুবই জরুরি। রেলওয়ের ডাবল লাইন নির্মাণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করা হয়েছে। আমেরিকার ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশে রেলওয়েতে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র খতিয়ে দেখতে পারে। এ দেশে যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভ কারখানা নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।