গোপালগঞ্জে বাসের ধাক্কায় বায়েজিদ ফকির (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি চর পাথালিয়া গ্রামে। তার বাবার নাম এমদাদ ফকির। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী দুর্ঘটনাস্থলে গাছ ফেলে ও গাড়ির টায়ার জ্বালিয়ে প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার পাথালিয়া গ্রামের বায়েজিদ ফকির জমিতে কাজ করতে যাওয়ার সময় মহাসড়ক পার হচ্ছিলেন।
এ সময় খুলনার দিক থেকে আসা একটা লোকাল বাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
উত্তেজিত স্থানীয় জনতা এ ঘটনার প্রতিবাদে ঢাকা-খুলনা দুই ঘণ্টা অবরোধ করে রাখলে রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
পরে পুলিশের আশ্বাসের ভিত্তি সকাল ১১টার দিকে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়।
পুলিশ জানিয়েছে, বাসটিকে আটক করা সম্ভব হয়নি। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।