ফেনীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ মায়ের পর মেয়েরও মৃত্যু

ফেনীর শহরতলীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের শফিক ম্যানশনের ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় মায়ের পর দগ্ধ মেয়ে হাফসা ইসলামও (১৪) মারা গেছে।

‍বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে তিনি মারা যান।

হাফসা ইসলাম এসএসকে সড়কে অবস্থিত হলি ক্রিসেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

এদিকে গতকাল বুধবার দুপুর একটার দিকে মা মেহেরুন্নেসার (৪০) মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালে থাকা তার শ্বশুর আবুল কাশেম।

গত ৫ মার্চ রাত সাড়ে দশটার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলি ক্রিসেন্ট স্কুলের পেছনের বিল্ডিং শফিক ম্যানশন নামক ভবনে পঞ্চম তলায় বিস্ফোরণে মা-মেয়েসহ ৩ জন গুরুতর আহত হন।

তাদেরকে প্রতিবেশীরা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। আহত রয়েছেন ফারাহ ইসলাম (১৮)। তাদের গ্রামের বাড়ি মিরসরাইয়ের করের হাট। স্বামী মাহবুবুল ইসলাম দুবাই প্রবাসী।

ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী জানান, বাসায় গ্যাসের আগুনবিহীন চুলা ওপেন ছিল। সেখান থেকে গ্যাস লিকেজ হতে হতে দরজা জানালার গ্লাস বন্ধ থাকায় রুমগুলোতে গ্যাস ছাড়িয়ে পড়ে। তখন গ্যাস বের হতে না পেরে পূর্ণ হয়ে যায় সারা ভবন।

তখন আহত ভিকটিমদের একজন মশা মারার ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারার চেষ্টা করলে স্পার্ক-শর্টসার্কিট থেকে আগুন লেগে তারা দগ্ধ হয়।

বিস্ফোরণের ঘটনায় মুহূর্তের মধ্যে দরজা জানালা ভেঙে চুরমার হয়ে যায়। গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যে দিকে গ্যাসের চাপ ছিল দরজা জানালা বন্ধ ছিল সেদিকেই বিস্ফোরণ হয়।

আবুল কাশেম জানান, মেয়েদের স্কুল কলেজে পড়া-লেখা করানোর জন্য প্রায় এক যুগ ধরে তারা শফিক ম্যানশনের ৫ তলার পুব পাশের ইউনিটে বাস করতেন।

বড় নাতনি ফারাহ ইসলাম (১৮) ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ থেকে এবার আইএ পাশ করে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য চেষ্টা করছে। বউ মা মেহেবুন্নেসা তাদের দেখাশোনা ও পড়া-লেখার জন্য মূলত শহরে থাকতেন।