বিএনপির অনেকে প্রধানমন্ত্রীকে অকথ্য গালিগালাজ করলেও কাউকে জেলে যেতে হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল (বিএনপি মহাসচিব) তো সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত সমালোচনা ও বিএনপির অনেকে প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। তারপরও তো কাউকে গ্রেপ্তার করা হয়নি। কাউকে জেলে যেতে হয়নি।’
তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, বিদেশিদের কাছে নালিশ করে (বিএনপি)। কিন্তু সরকার সহনশীলতা নিয়ে সব সহ্য করে যাচ্ছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির উন্নয়ন হচ্ছে হাওয়া ভবন তৈরি করে লুটপাট, সীমাহীন দুর্নীতি, বিশ্বের কাছে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া। আর বাংলাদেশের এমন কোনো জনপথ নেই যেখানে শেখ হাসিনার উন্নয়ন- বিদ্যুৎ থেকে রাস্তাঘাট দৃশ্যমান নয় এ কথা দেশে কেউ বলতে পারবে না।
আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত) এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সামছুল আলম দুদু প্রমুখ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল।