লঘু পাপে গুরু দণ্ড পেলেন লঙ্কান ব্যাটসম্যান?

ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার মধ্যে সিরিজের প্রথম ওয়ানডেতে দানুশকা গুনাথিলাকার ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট নিয়ে বিতর্ক চলছে।

বুধবার অ্যান্টিগায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করছিল শ্রীলঙ্কা। দলটির ইনিংসের ২২তম ওভারের ঘটনা। কিয়েরন পোলার্ডের বল এসে লাগে গুনাথিলাকার ব্যাটে। বল কোথায় না দেখেই যেন দৌড়াতে গেলেন তিনি।

অন্য প্রান্তে থাকা সতীর্থের নিষেধ শুনে ক্রিজে ফেরার পথে কাছেই থাকা বলে পা লাগিয়ে বসেন। এদিকে ওয়েস্ট ইন্ডিজের আবেদনে সাড়া দিয়ে তৃতীয় আম্পায়ার জানিয়ে দিন আউট গুনাথিলাকা। ৬১ বলে ৫৫ রান করে ফিরে যান গুনাথিলাকা।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট ভক্তরা গুনাথিলাকার পাশে দাঁড়াচ্ছেন। নেটিজেনদের মতে ইচ্ছাকৃত ভাবে বলে পা দেননি শ্রীলঙ্কান ওপেনার।

কেন আউট দেওয়া হল, সেই নিয়ে বিদ্ধ হতে হচ্ছে আম্পায়ারকে। মাঠের আম্পায়ারদের দেওয়া ‘সফট সিগন্যাল’-এ ছিল আউটের নির্দেশ। তবে নেটিজেনরা বলছেন, কোনো মতেই আউট ছিলেন না গুনাথিলাকা।

ক্রিকেট ব্যক্তিত্বদেরও পাশে পাচ্ছেন শুনাথিলাকা। সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ও সময়ের শীর্ষ কোচদের একজন টম মুডির টুইট, ‘ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া- কোনো ভাবেই এটি ইচ্ছাকৃত ছিল না।’

এমনকি দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামির মতেও এটি আউট ছিল না, ‘মোটেও এটি ইচ্ছাকৃত ছিল বলে মনে করি না। আমি এখানে আবেদনই করতাম না, কিন্তু…।’

ক্রিকেট ইতিহাসে প্রথম শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হলেন গুনাথিলাকা। সব মিলে আন্তর্জাতিক ক্রিকেটে গুনাথিলাকার আগে ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ আউটের স্বাদ পেয়েছেন মোটে ১০ জন। এর মধ্যে ওয়ানডেতে ক্রিকেটেই ৭ জন।

ম্যাচটি ৮ উইকেটে জিতে নেয় ক্যারিবীয়রা। প্রথমে ব্যাট করে ৩২৮ রান তোলে শ্রীলঙ্কা। সেই রান তাড়া করে ১৮ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে স্বাগতিকেরা।