ক্ষতিপূরণের চেকসহ হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেট

ফরিদপুরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এবং সালথা বাইপাস সড়কের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলার নগরকান্দা উপজেলার ৮৯ জন জমিমালিকদের মাঝে এসব চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে নগরকান্দা উপজেলার চর যশোহরদী ইউনিয়নের চর শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু। জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র, চর যশোহরদী ইউনিয়নের চেয়ারম্যান পথিক তালুকদারসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা তিথি মিত্র ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভাঙ্গার তারাকান্দি গ্রামের ৭৫ বছর বয়সী প্রবীণ আবু বকর খানের শয্যাপাশে গিয়ে ক্ষতিপূরণের চেক তুলে দেন। ১১ লাখ ৮৭ হাজার টাকার চেক হাতে হাসপাতালের শয্যাপাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।