লড়াই হবে সমানে সমান

টেস্ট সিরিজের অসহায় আত্মসমর্পণের কথা ভুলে যান। টি-টোয়েন্টির ইংল্যান্ড অন্য দল। যে দলের অধিনায়ক জো রুট নন- ইউয়েন মরগ্যান, ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক। যার নেতৃত্বে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছে তারা। অন্যদিকে ভারত আছে র‌্যাংকিংয়ের তিন-এ। দুদলের হেড টু হেড পরিসংখ্যান ৭-৭। এমন অবস্থায় আজ আহমেদাবাদে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামছে মরগ্যান-কোহলির দল। দুদলের ১৪ ম্যাচের দ্বৈরথ শুরু হয়েছিল ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচ ইতিহাস হয়ে আছে যুবরাজ সিংয়ের জন্য। স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন তিনি। এরপর ১৪ বছরে মাত্র ১৪ ম্যাচ। ২০১৮ সালের ৮ জুলাইয়ের পর আবার মুখোমুখি হতে যাচ্ছে দুদল। ভারতের মাটিতে ইংল্যান্ড ৬ ম্যাচ খেলেছে। তিনটি জয়। তিনটি হার। এমন সমান-সমান পরিস্থিতি থেকে দুদলের সামনেই আজ এগিয়ে যাওয়ার সুযোগ। কিন্তু টেস্ট সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও ইংল্যান্ডকে ভাবাচ্ছে ঘূর্ণি উইকেট। অধিনায়ক মরগ্যান মনে করেন ভারত তাদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ঘূর্ণি উইকেটই তৈরি করবে, ‘উইকেট টেস্ট সিরিজের মতোই হবে। আমাদের মনে হয় স্পিন সহায়ক উইকেটে খেলতে হবে। তবে আমরা টি-টোয়েন্টিতে ভালো খেলছি। আমাদের আত্মবিশ্বাস রয়েছে, কারণ আমরা শেষ ২ বছর বেশ কিছু ম্যাচে কঠিন পরিস্থিতিতে জয় তুলে নিতে পেরেছি।’