রাসিক মেয়রের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়রের দপ্তরে সাক্ষাৎ ও মতবিনিময় সভা হয়।

শুরুতে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর রাজশাহীর উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সাংবাদিকদের বলেন, বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ দুই দেশের একটি যারা স্নাতকোত্তর, পিএইচডি ও হার্ড সায়েন্সের ডিগ্রি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাঠাচ্ছে। সে কারণে শিক্ষা আদান-প্রদানের ওপর অর্থাৎ কীভাবে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে যেতে পারেন এবং সেখানকার শিক্ষার্থী এখানে আসতে পারেন সে ক্ষেত্রে বেশি গুরুত্ব  দেওয়া হচ্ছে। সিস্টার সিরিজ প্রোগ্রামের আওতায় অনুষদ ও শিক্ষকদের পড়াশোনায় অতিরিক্ত বিনিয়োগ কীভাবে করা যায় সে বিষয়েও নজর দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের মিশিগান শহরের সঙ্গে রাজশাহীর বেশ মিল রয়েছে বলেও উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত।