সার্জারির মাধ্যমে বাবা হওয়ার ক্ষমতা হারালো সিংহটি

নেদারল্যান্ডসের চিড়িয়াখানায় বন্দী সিংহ থর পাঁচ সন্তানের গর্বিত বাবা। তবে সামনে তার নতুন শাবকের বাবা হওয়ার সুযোগ থাকছে না। ভ্যাসেকটমির মাধ্যমে সেই পথ রুদ্ধ করল চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, বর্তমানে থরের বয়স ১১ বছর। এর আগে দুটি সিংহীর গর্ভে পাঁচটি বাচ্চার জন্ম দিয়েছে বনের রাজা।

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) বলছে, গত ২০ বছরে বনে সিংহের সংখ্যা ২০-৫০ ভাগ কমেছে। তবে থরের সার্জন বৃহস্পতিবার বলেন, চিড়িয়াখানায় সিংহটির যথেষ্ট বংশধর রয়েছে। আর বংশবৃদ্ধির প্রয়োজন নেই।

ভ্যাসেকটমি মানুষের ক্ষেত্রে বেশ পরিচিত ব্যবস্থা হলেও সিংহের জন্য বিরল এক সার্জারি।

সার্জন লুটেন জানান, ভেটেরিনারিতে তার কাজের অভিজ্ঞতা ৩৫ বছরের। তবে এমন অপারেশন প্রথমবারের মতো করেছেন।

এ ঘটনা থরের জীবনে ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তাকে খোজা করায় কর্তৃত্ববান পুরুষ হিসেবে পশু সমাজে পাওয়া মর্যাদা কমে যাবে।

ডব্লিউডব্লিউএফ ইতিমধ্যে সিংহকে সুরক্ষিত নয় এমন প্রাণীর তালিকা রেখেছে। এর অর্থ হলো বন থেকে এ প্রাণীর বিলুপ্ত হওয়ার ঝুঁকি রয়েছে।