চীনের ধনকুবের জ্যাক মা’র সংস্থা আলিবাবাকে ১০০ কোটি মার্কিন ডলার জরিমানা দিতে হতে পারে। কথিত একচেটিয়া বাণিজ্যের অভিযোগে এ জরিমানার কথা বলা হচ্ছে।
সম্প্রতি চীনা প্রশাসন সূত্রে এই খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আনন্দবাজার।
এর আগে শি চিনপিং সরকার শেষ কয়েকমাসে আলিবাবার নিয়ন্ত্রণে থাকা ছোট সংস্থা ‘অ্যান্ট গ্রুপ কো’র লাগাম টেনে ধরে। তারপর বাজারে ছাড়া এই সংস্থারই শেয়ার রুখে দেয় সরকার। ঘটনার সময় চোখের আড়ালে চলে যান জ্যাক মা। পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
গত ২০১৫ সালে কোয়ালকমের বিরুদ্ধে এমনই এক অভিযোগ এনেছিল চিন। সে ক্ষেত্রে জরিমানার পরিমাণ ছিল ৯৭ কোটি ডলারের বেশি। আলিবাবার জরিমানা সেই রেকর্ডও ভেঙে দিতে পারে।
চীনা বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষ থেকে জরিমানার পাশাপাশি একাধিক বিধিনিষেধ চাপানো হতে পারে বলেও শোনা যাচ্ছে। আলিবাবার বেশ কিছু সম্পদের ওপর থেকে তার মালিকানার অধিকারও তুলে নেওয়া হতে পারে।
সমস্যা শুরু হয়েছিল গত ডিসেম্বরে। চীনের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আলিবাবার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের একটি তদন্ত শুরু করতে চলেছে সরকার।
এর আগে হঠাৎই চীনের বাণিজ্য নিয়ন্ত্রণ নীতি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন ওই আলিবাবার কর্ণধার জ্যাক মা।
অনেকের মতে, ওই কারণেই প্রশাসনের রোষের মুখে পড়তে হয়েছে তার সংস্থাকে।