বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলীয় মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, পাক হানাদার বাহিনীর অত্যাচারকে ছাড়িয়ে গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকার। বিগত ১২বছরে খুন, গুম, মামলা, হামলাসহ এমন কোনো নির্যাতন নেই যার শিকার হয়নি দলের নেতা–কর্মীরা।
শুক্রবার বিকেলে রাজধানীর ভাসানী মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। আগামী ১৬ মার্চ রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ সফল করতে এই সভাটি অনুষ্ঠিত হয়।
ইশরাক বলেন, ইতিপূর্বে কয়েকটি বিভাগীয় শহরে সমাবেশ করেছি আমরা। এসব সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছে। কারণ তারা মনে করছে বিএনপি অতীতের মতো দেশে পরিবর্তন আনতে পারবে। এত দিন আমরা না পারলেও ভবিষ্যতে সফল হব।
তিনি বলেন, ৬ সিটির মেয়র প্রার্থীদের নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি প্ল্যাটফর্ম করে দিয়েছেন। এ প্ল্যাটফর্ম করার পেছনে নিশ্চয়নই তার কোনো পরিকল্পনা আছে।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুস সালামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের সঙ্গে প্রস্তুতি সভা করেন ইশরাক হোসেন।
নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এর আগে বরিশাল, খুলনা, রাজশাহী ও ঢাকা মহানগর উত্তরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭শে মার্চ চট্টগ্রাম মহানগরে আরেকটি সমাবেশ করবে বিএনপি।